প্রকাশকের কথা
ইসলামে সূফিবাদের কতটুকু স্বীকৃতি আছে বা নেই, সে বিতর্কে না জড়িয়েও এতটুকু কথা নির্বিবাদে বলা যায় যে, মুসলিম সমাজে সূফিবাদ আজ এক সুপ্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে। এমন কি সৃফিবাদের প্রভাব এক কালে এতই চরমে পৌঁছেছিল যে, কালে তার নামে ভণ্ডামীর আর অন্ত রইল না। ফলে আধুনিক ইসলামী চিন্তাবিদরা যথার্থ সূফিবাদকেও সংশয়ের চোখে দেখতে শুরু করলেন।
সূফি দর্শন'-এর লেখক ফকীর আবদুর রশীদ সূফিবাদের অনুসারী হলেও আধুনিক মন-মানস বর্তমান সমাজ-চেতনা সম্পর্কে ওয়াকিবহাল বলেই মনে হয়। তাই তিনি সৃফি দর্শন নিয়ে ভুল বোঝাবুঝির নিরসন এবং আসল ও নকল সূফিবাদের তারতম্য সৃষ্টির আপ্রাণ প্রয়াস পেয়েছেন। এজন্য তিনি যথেষ্ট পরিশ্রমও স্বীকার করেছেন।
ইসলামিক ফাউণ্ডেশন যদিও কোন বিতর্কমূলক বই প্রকাশে অনিচ্ছুক, বিশেষত লেখকের সূফিবাদ বনাম গোড়াবাদের ঝগড়ায় নিজেদের জড়াতে রাজি নয় আদৌ, তথাপি সূফিবাদের ইতিহাসের এরূপ একটি আলোচনা-সমৃদ্ধ বইয়ের তথ্যগত গুরুত্ব বিবেচনা করে বইটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। আশা করি সহৃদয় পাঠকবৃন্দ এ দৃষ্টিকোণ থেকেই বইটির মূল্যায়ন করবেন।
