ইসলাম এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ্ তাআলার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থা। ইসলামী শরীআত তথা জীবনবিধানের মূল উৎস আল্লাহ্ তাআলার কালাম কুরআন মাজীদের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র হাদীস ও সুন্নাহ্ স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র মুখনিঃসৃত বাণী, তাঁর কর্ম এবং মৌন সমর্থন ও অনুমোদন হচ্ছে হাদীস বা সুন্নাহ্। পবিত্র কুরআনের ব্যাখ্যা এবং ইসলামী শরীআতের বিভিন্ন হুকুম-আহকাম ও দিক-নির্দেশনার জন্য হাদীসের বিকল্প নেই। প্রকৃতপক্ষে হাদীস বাদ দিয়ে কুরআন মাজীদের মর্মার্থ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কারণ পবিত্র কুরআন মাজীদ হলো সংক্ষিপ্ত, ইংগিতধর্মী ও ব্যঞ্জনাময় আসমানী গ্রন্থ। হাদীস হলো পবিত্র কুরআন মাজীদের ব্যাখ্যা ও বিশ্লেষণ। এ জন্য হাদীস হচ্ছে ইসলামী শরীআর দ্বিতীয় উৎস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বলতেন, সাহাবায়ে কিরাম (রা) তা হুবহু মুখস্থ করে ফেলতেন এবং যখন তিনি কিছু করতেন, সাহাবায়ে কিরাম (রা) তা গভীরভাবে নিরীক্ষণ করতেন ও মনে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যাপকভাবে হাদীস লিপিবদ্ধ করার প্রচলন ছিল না। পরবর্তী সময়ে ব্যাপকভাবে হাদীস সংকলনের কাজ শুরু হয় এবং অসংখ্য হাদীসগ্রন্থ সংকলিত হয়। এ সমস্ত গ্রন্থের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, সুনানে আবূ দাউদ শরীফ, সুনানে নাসাঈ শরীফ ও ইবনে মাজাহ শরীফ অন্যতম। এ ছয়টি হাদীসগ্রন্থকে এক কথায় 'সিহাহ সিত্তাহ (ছয়টি বিশুদ্ধ হাদীসগ্রন্থ)' বলা হয়।
'সুনানে ইবনে মাজাহ' সিহাহ্ সিত্তাহ্র অন্তর্ভুক্ত একটি সুপ্রসিদ্ধ হাদীসগ্রন্থ। হাদীস চয়ন এবং অনুচ্ছেদ অনুযায়ী হাদীসের সামঞ্জস্যপূর্ণ বিন্যাস গ্রন্থটিকে অনবদ্য করে তুলেছে। ফিকাহ গ্রন্থের আঙ্গিকে এর অধ্যায় ও পরিচ্ছেদ নির্ধারিত হওয়ায় ফকীহগণের নিকট গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। এই গ্রন্থটির আরেকটি বৈশিষ্ট্য এই যে, এতে এমন কতকগুলো হাদীস সংকলিত হয়েছে যা সিহাহ সিত্তাহ্র অপর কোন গ্রন্থে উল্লেখ হয়নি। এই গ্রন্থে সর্বমোট ৪৩৪১টি হাদীস রয়েছে।
পৃথিবীতে শতাধিক ভাষায় এ মশহুর হাদীসগ্রন্থটি অনূদিত হয়েছে। মাতৃভাষার দিক থেকে বিশ্ব মুসলিমের মধ্যে বাংলাভাষী মুসলিমের সংখ্যা শীর্ষস্থানে। এ বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী পৌঁছে দেয়ার নিমিত্তে সিহাহ্ সিত্তাসহ বিভিন্ন হাদীসগ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশের এক বৃহৎ কর্মসূচী আমরা গ্রহণ করেছি। এ কর্মসূচীর আওতায় ইতোমধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, সুনানে আবূ দাউদ শরীফ, সুনানে নাসাঈ শরীফ, মিশকাত শরীফ ও রিয়াদুস সালিহীন প্রভৃতি প্রকাশিত হয়েছে।