ইসলাম এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ্ তাআলার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থা। এটি বর্তমান বিশ্বে বিদ্যমান ও ব্যাপকভাবে অনুসৃত ধর্মসমূহের মধ্যে দ্রুত বর্ধনশীল একটি ধর্ম। একবিংশ শতাব্দীর একেবারে গোড়ায় এসে চৌদ্দশ' বছরের ব্যবধানে এর অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রতি একশ মানব সন্তানের মধ্যে উনত্রিশ জন। পৃথিবীর এমন কোনো মানব অঞ্চল নেই যেখানে এই ধর্মের কোনো অনুসারী নেই।
ইসলামী শরীআত তথা জীবনবিধানের মূল উৎস আল্লাহ্ তাআলার কালাম কুরআন মাজীদের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র হাদীসের স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র মুখনিঃসৃত বাণী, তাঁর কর্ম এবং মৌন সমর্থন ও অনুমোদন হচ্ছে হাদীস বা সুন্নাহ্। পবিত্র কুরআনের ব্যাখ্যা এবং ইসলামী শরীআতের বিভিন্ন হুকুম-আহকাম ও দিক- নির্দেশনার জন্য হাদীসের বিকল্প নেই। এ জন্য হাদীস হচ্ছে ইসলামী শরীআর দ্বিতীয় উৎস।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমলে এবং তাঁর তিরোধানের অব্যবহিত পরে অমানুষিক কষ্ট স্বীকার করে যে কয়জন অসাধারণ মেধাসম্পন্ন ব্যক্তি হাদীস সংকলন ও সংরক্ষণের জন্য কঠোর পরিশ্রম ও সাধনা করেছেন তাঁদের মধ্যে সিহাহ্ সিত্তাহ্র অন্তর্ভুক্ত হাদীসগ্রন্থ জামিআত্-তিরমিযী বা তিরমিযী শরীফের সংকলক হযরত হাফিয আবূ 'ঈসা মুহাম্মদ ইব্ন 'ঈসা ইবন সাওরা ইন্ন শাদ্দাদ আত-তিরমিযী (রহ) অন্যতম। এ গ্রন্থে মোট ৩৮১২ টি হাদীস সংকলিত হয়েছে। ইমাম তিরমিযী এ গ্রন্থ সংকলনের মাধ্যমে হাদীস সম্পর্কে তাঁর অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও সূক্ষ্ম বিচারশক্তির পরিচয় দিয়েছেন।
বুখারী অথবা মুসলিম শরীফ অপেক্ষা তিরমিযী শরীফ আকারে ছোট এবং এতে সংকলিত হাদীস সংখ্যাও তুলনামূলকভাবে কম। এতে পুনরুক্ত হাদীস নেই বললেই চলে। মাত্র ৮৩টি পুনরুক্ত হাদীস রয়েছে। তিরমিযী শরীফের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এতে প্রতিটি হাদীসের সনদের বর্ণনায় বিশ্লেষণাত্মক মন্তব্য রয়েছে এবং প্রতিটি হাদীস বর্ণনার শেষে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ইমামের মতামত এবং তাঁদের যুক্তি-প্রমাণ উল্লেখ করা হয়েছে। তিরমিযী শরীফের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, এতে হাদীসের প্রকারভেদ অর্থাৎ সাহীহ, হাসান, যাঈফ, গারীব, মুআল্লাল প্রভৃতি যথাস্থানে চিহ্নিত করা হয়েছে। রাবীদের নাম, উপনাম, উপাধি ইত্যাদি মূল্যবান তথ্য এবং হাদীসের জ্ঞান লাভের জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় পূর্ণাঙ্গরূপে উপস্থাপিত হয়েছে।
মাতৃভাষার দিক থেকে বিশ্ব মুসলিমের মধ্যে বাংলাভাষী মুসলিমের সংখ্যা শীর্ষস্থানে। এ বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী পৌঁছে দেয়ার নিমিত্ত সিহাহ্ সিত্তাসহ বিভিন্ন হাদীসগ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশের এক বৃহৎ কর্মসূচী আমরা গ্রহণ করেছি। এ কর্মসূচীর আওতায় ইতোমধ্যে বুখারী, মুসলিম, মিশকাত ও রিয়াদুস সালিহীন প্রভৃতি প্রকাশিত হয়েছে। এক্ষণে তিরমিযী শরীফের বাংলা অনুবাদ প্রকাশ করা হলো।
আল্লাহ্ তাআলা আমাদের হাদীসের জ্ঞানে উদ্ভাসিত করুন এবং সুন্নাতের পাবন্দ হবার তাওফীক দিন। আমীন!